• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কল্যাণপুর ‘জাহাজবাড়ি’ হত্যা মামলা: অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৭ জুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৩:৩০ পিএম
কল্যাণপুর ‘জাহাজবাড়ি’ হত্যা মামলা: অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৭ জুন

রাজধানীর কল্যাণপুরের আলোচিত ‘জাহাজবাড়ি’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৭ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি অভিযোগ গঠন সংক্রান্ত প্রস্তুতির জন্য আরও সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক একে এম শহিদুল হক এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

এ মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-সহ পুলিশের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে পরিচালিত অভিযানে নয়জন তরুণ নিহত হন। অভিযোগে বলা হয়েছে, জঙ্গিবিরোধী অভিযানের আড়ালে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে বিচার কার্যক্রম চলছে।


Side banner
Link copied!