জরুরি চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দিয়ে নিজের গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার ঘটনায় প্রশংসায় ভাসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার অংশে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ে যাওয়ার পথে তার গাড়িবহর বনানী হয়ে কারওয়ানবাজারের দিকে অগ্রসর হচ্ছিল।
এ সময় প্রধানমন্ত্রীর নজরে আসে, একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে দ্রুত সামনে যাওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বুঝে তিনি সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সটির জন্য রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরে নিরাপত্তা সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে জরুরি সেবার গাড়িটিকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেন।
ঘটনাটি দেখে উপস্থিত পথচারী ও প্রত্যক্ষদর্শীরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, দেশের ভিভিআইপি চলাচলে যেখানে সাধারণ মানুষকে প্রায়ই অপেক্ষা করতে হয়, সেখানে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ একটি ইতিবাচক বার্তা দিয়েছে।
এর আগে উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় বহরের কারণে সড়কে যানবাহন আটকে থাকার ঘটনা সাধারণ মানুষের কাছে পরিচিত দৃশ্য ছিল। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রটোকল ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :