অন্তর্বর্তী সরকারের সময়ের অভিযোগসহ অতীত ও বর্তমান—সব সময়ের দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর তদন্তের ক্ষেত্রে কোনো সময়সীমার বাধা নেই।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, সাবেক সরকারের দায়িত্বশীল ব্যক্তি কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে কমিশনের উচিত স্বাধীনভাবে তা তদন্ত করা।
তিনি বলেন, অভিযোগের ধরন বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নয়, বরং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্ত হওয়া প্রয়োজন।
রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগ কোনো নাম বা পরিচয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় এ বিষয়ে কোনো ব্যতিক্রমের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই গণমাধ্যমকে আইন ও আদালতের নির্দেশনা অনুসরণ করে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান তিনি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তথ্য উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইনের ঘটনা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আপনার মতামত লিখুন :