সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, পূর্বঘোষণা অনুযায়ী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের বিষয়ে এখন তদন্ত কার্যক্রম শুরু করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংগঠনের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ও বিতর্ক থাকলেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন এবং প্রধান রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নিয়েছে। তবে কিছু আসনে সহিংসতা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হলেও অনিয়মের অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কয়েকটি স্থানে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি গণভোটের শপথ না নেওয়ায় একটি জটিলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে হলে নির্বাচন-পরবর্তী বিতর্ক ও অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি।
আপনার মতামত লিখুন :