• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

মেধাভিত্তিক দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:০১ পিএম
মেধাভিত্তিক দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দক্ষ, জনবান্ধব ও মেধাভিত্তিক জনপ্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে জনপ্রশাসনকে আরও জনমুখী, দায়িত্বশীল এবং দক্ষ করে তুলতে হবে। প্রথাগত প্রশাসনিক কাঠামোর বাইরে গিয়ে জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিয়াম ফাউন্ডেশনের অগ্রযাত্রার প্রশংসা করে সরকারপ্রধান বলেন, প্রতিষ্ঠানটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একটি কার্যকর, প্রশিক্ষিত ও আধুনিক প্রশাসন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!