প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর পৌঁছেছেন সরকারি সফরে। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হয়ে নির্ধারিত সময়েই তিনি সেখানে পৌঁছান।
সোমবার (২৬ এপ্রিল) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। প্রধানমন্ত্রীর এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, যশোর পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।
পরবর্তীতে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। একই সঙ্গে গত তিন মাসে এটি জেলায় তার দ্বিতীয় সফর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা বাড়াতে এ সফর তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :