অতীতের শাসনামলে শ্রমজীবী মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এক সময় দেশের অর্থনীতি ও শ্রমিকদের ভবিষ্যৎকে অবহেলা করে শাসন পরিচালনা করা হয়েছিল।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি দাবি করেন, সেই সময় অর্থনৈতিক ব্যবস্থাপনাও সঠিক পথে পরিচালিত হয়নি।
বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, শ্রমিকদের পরিবারকে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়ক কর্মসূচি নেওয়া হয়েছে এবং কৃষক কার্ড চালুর কাজ চলছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন, কিন্তু অনেক এলাকায় এখনও সেচ সুবিধার ঘাটতি রয়েছে। এই সমস্যা সমাধানে খাল পুনঃখননসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
হকারদের প্রসঙ্গে তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাও জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
সমাবেশে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :