দেশের সব দোকান, মার্কেট ও শপিংমল দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সোমবার (৮ জুন) সংগঠনের সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের খুচরা ব্যবসা খাতের স্বার্থ এবং লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ আবেদন করা হয়েছে।
সমিতির পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। এর মধ্যে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার নিয়ম ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
চিঠিতে আরও বলা হয়, অনেক ক্রেতা কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। ফলে সন্ধ্যার পর দোকান বন্ধ থাকলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হন, যা ব্যবসা ও কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলছে।
ব্যবসায়ী নেতারা মনে করেন, দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থান টিকিয়ে রাখা সহজ হবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে। একই সঙ্গে সাধারণ মানুষ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, সময়সীমা শিথিল না হলে ক্ষুদ্র, মাঝারি ও বড় অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়ে ব্যবসা পরিচালনায় সমস্যার মুখে পড়তে পারেন, যা জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দেশের ব্যবসায়ী মহল।
আপনার মতামত লিখুন :