সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে বাংলাদেশে সরাসরি ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি বিধান বর্তমানে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান আইনের আওতায় সরকার কেবল অনুরোধের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে পারে।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো, অপপ্রচার এবং বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা বেড়েছে। এসব কর্মকাণ্ড মোকাবিলায় সরকার সাইবার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, সংশোধিত আইনে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আরও কার্যকর শাস্তির বিধান যুক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ও বিবেচনায় রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক ক্ষেত্রে ক্ষতিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে অনুরোধ জানানো হলেও দ্রুত সাড়া পাওয়া যায় না। কখনও কখনও এসব অনুরোধ বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যায়।
তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক সময় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় আইনি সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি জবাবদিহিতার আওতায় আনতে ভবিষ্যতে আইনগত কাঠামো শক্তিশালী করা হবে।
আপনার মতামত লিখুন :