• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:০৮ পিএম
তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, গণমাধ্যম, ডিজিটাল প্রযুক্তি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সহযোগিতা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে উল্লেখ করে তিনি আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে কাজ করছে। তিনি গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা নিয়েও আলোচনা হয়। তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিউ মিডিয়া এবং ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের ফলে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, অন্যদিকে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে কার্যকর নীতিমালা ও কৌশল গ্রহণ করাও জরুরি।

এ বিষয়ে নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সরকার ইতোমধ্যে নতুন নীতিগত কাঠামো ও বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি এসব অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহও প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!