দেশের শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
বিটিএমএ সভাপতি বলেন, সময়মতো প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ না হওয়ায় শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। বৈঠকে এ বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হলে তিনি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন এবং উৎপাদন ও বিনিয়োগে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের আন্তরিক অবস্থানের কথা জানিয়েছেন।
বৈঠকে বন্ধ ও আংশিকভাবে উৎপাদন চালানো কারখানাগুলোর বর্তমান অবস্থা, কী ধরনের সহায়তা প্রয়োজন এবং কোথায় কী সমস্যা রয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদ্যোক্তাদের কাছ থেকে চেয়েছে সরকার। এসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিল্প উদ্যোক্তাদের মতে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন সক্ষমতা বাড়বে, রপ্তানি কার্যক্রমে গতি ফিরবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আপনার মতামত লিখুন :