জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সরকার তাঁর প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন এবং তাঁর বিরুদ্ধে আদালতের রায় বা আইনি প্রক্রিয়া চলমান থাকে, তাহলে দেশে ফিরে আইন অনুযায়ীই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, দেশে প্রবেশের পর আইন যেভাবে ক্ষমতা দিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ক্ষমতার আওতায় ব্যবস্থা নেবে। আইনগত প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার ভ্রমণ নথি বা পাসপোর্ট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে তিনি দেশে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। তবে বাংলাদেশের আইনগত এখতিয়ারের আওতায় এলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি সংবিধানের বিধান উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্তমান সময়সূচি অনুযায়ী নিয়মিত সংসদ অধিবেশনেই এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে তিনি মনে করেন।
আপনার মতামত লিখুন :