• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০১:৩৩ পিএম
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়; দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন এ বৈঠকের আয়োজন করে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান দেশের ওপর নানা ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে সংকটটি এখন বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে পড়ছে।

তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠানোই সংকটের টেকসই সমাধানের মূল পথ।

 

রোহিঙ্গা প্রত্যাবাসনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তার মতে, শুধু বাংলাদেশের একার প্রচেষ্টায় এত দীর্ঘস্থায়ী সংকটের সমাধান সম্ভব নয়। আন্তর্জাতিক মহলের সমন্বিত উদ্যোগ ও চাপের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে।

গোলটেবিল বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান চ্যালেঞ্জ, এর সম্ভাব্য প্রভাব এবং স্থায়ী সমাধানের কৌশল নিয়ে আলোচনা করা হয়।


Side banner
Link copied!