• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে, দুই দিনের সফর শুরু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০১:৫৩ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে, দুই দিনের সফর শুরু

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি।

সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।

 

সফরের শুরুতে রাষ্ট্রপতির সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন তিনি।

বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পরে নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ শেষে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

এরপর নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে যাবেন। সেখান থেকে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থান ও চলাচলের রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সফর।


Side banner
Link copied!