• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০২:১১ পিএম
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার চারপাশের নদ-নদী রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদী ও বৃত্তাকার নৌপথ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন।

 

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যাসহ সংশ্লিষ্ট খাল ও ড্রেনের দূষণ কমানো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদ-নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, নদী ও পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ থেকেও সবাইকে এগিয়ে আসতে হবে।

 

সভায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে নেওয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্মের জন্যও পরিষ্কার নদী এবং নিরাপদ, বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব সবার।

সভায় স্থানীয় সরকার, পরিবেশ, শিল্প, পানিসম্পদ ও নৌপরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!