রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু বিনিয়োগ বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়ে তা কার্যকরে যুক্তরাজ্যের সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের ধারাবাহিক সহায়তা এবং এ বিষয়ে এডিনবারার ডাচেস সোফির সোচ্চার ভূমিকার প্রশংসা করার পাশাপাশি সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের বিষয়টিও তুলে ধরেন তিনি। জবাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের যোগাযোগকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার ওপর জোর দেওয়া হয় এবং সারাহ কুক জানান যে পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য।
এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কথা হয়। পাশাপাশি সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং জনযোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়; যেখানে শামা ওবায়েদ অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। সবশেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই পক্ষ।
আপনার মতামত লিখুন :