জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৮ ফেব্রুয়ারি)। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি নিয়েছে দলটি।
বিকেলে রাজধানীর আবাহনী মাঠ-এ ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়; ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের সমাবেশে পরিণত হবে। শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক-সাংবাদিক ও পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেবেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর এনসিপি রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সক্রিয় ভূমিকা রাখে বলে দলটির দাবি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজকের আয়োজনে গত এক বছরের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ প্রোমো দেখানো হবে। এ ছাড়া ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ এবং ৩ মার্চ কুমিল্লায় পর্যায়ক্রমে ইফতার ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে।
আপনার মতামত লিখুন :