• ঢাকা
  • রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১২:০১ পিএম
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোলেমান দেওয়ান (৪৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় স্টিলের আলমারি তৈরির মিস্ত্রি ছিলেন।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোলেমান দেওয়ান সন্ধ্যায় মুন্সীগঞ্জ থেকে এক পরিচিত অসুস্থ ব্যক্তিকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করাতে আসেন। পরে রোগীকে হাসপাতালে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে শনির আখড়া এলাকায় পৌঁছে জানতে পারেন, ওই রোগী মারা গেছেন। খবর পেয়ে তিনি আবার হাসপাতালে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কাভার্ড ভ্যানটি যাত্রাবাড়ী থানা পুলিশ জব্দ করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত সোলেমান দেওয়ান মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মজিদ দেওয়ানের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।


Side banner
Link copied!