• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

৪০ বছরে বুটজোড়া তুলে রাখছেন অ্যাশলি ইয়াং


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৪৩ পিএম
৪০ বছরে বুটজোড়া তুলে রাখছেন অ্যাশলি ইয়াং

দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার অ্যাশলি ইয়াং। ৪০ বছর বয়সে এসে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ইয়াং জানান, শৈশবের স্বপ্ন পূরণের এই যাত্রা ছিল অসাধারণ, তবে প্রতিটি যাত্রারই একসময় শেষ থাকে। তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন ম্যাচটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়।

২০০৩ সালে ওয়াটফোর্ডের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা ইয়াং পরে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও এভারটনের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তিনি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপ ও ইউরোপা লিগ জয়ের স্বাদ পান। অন্যদিকে ইন্টার মিলানের হয়ে জিতেছেন সিরি আ শিরোপা।

আন্তর্জাতিক ফুটবলেও ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর ৩৯ ম্যাচে ৭টি গোল করেন ইয়াং।

ক্যারিয়ারের শেষদিকে ২০২৫ সালে ইপ্সউইচ টাউনে যোগ দেন এই ডিফেন্ডার। চলতি মৌসুমে ইনজুরির কারণে সীমিত ম্যাচ খেললেও দলের প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

ইয়াং জানান, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে অবসরের আগে দলের লক্ষ্য পূরণে সর্বোচ্চ অবদান রাখতে চান তিনি।

আসন্ন ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার, যা হতে পারে তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ।


Side banner
Link copied!