• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপ দলে চমক, তাজ নেহারসহ ১৫ সদস্য ঘোষণা বাংলাদেশের


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:১৭ পিএম
বিশ্বকাপ দলে চমক, তাজ নেহারসহ ১৫ সদস্য ঘোষণা বাংলাদেশের

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১০ মে) রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এবং সালমা খাতুন।

দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন তাজ নেহার। দীর্ঘ বিরতির পর দলে ফিরে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। টিম ম্যানেজমেন্টের মতে, নিচের সারির ব্যাটিং আরও শক্তিশালী করতেই তাকে দলে নেওয়া হয়েছে। তার অন্তর্ভুক্তির ফলে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা।

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন নাহিদা আক্তার।

এবার নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাইপর্ব এবং আন্তর্জাতিক সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতেই তার ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।

বাংলাদেশ স্কোয়াডে আরও আছেন—সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন এবং দিলারা আক্তার।

বিশ্বকাপ মঞ্চে শক্তিশালী পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই এবার দল সাজিয়েছে বাংলাদেশ।


Side banner
Link copied!