• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

২০৩০ বিশ্বকাপে বাছাই ছাড়াই খেলবে ছয় দেশ, নিশ্চিত করল ফিফা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:২৭ পিএম
২০৩০ বিশ্বকাপে বাছাই ছাড়াই খেলবে ছয় দেশ, নিশ্চিত করল ফিফা

২০৩০ সালের ফিফা বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে ছয়টি দেশ। বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি শতবর্ষ উদযাপনের বিশেষ আয়োজক আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েও বাছাইপর্ব ছাড়াই মূল আসরে অংশ নেবে।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপে এই ছয়টি দেশ স্বয়ংক্রিয়ভাবে জায়গা নিশ্চিত করেছে। ফলে বাকি ৪২টি দলকে নিজ নিজ মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করতে হবে।

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। মূল আয়োজন হবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কোতে। অন্যদিকে, বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে।

প্রথমে ঘোষণায় দক্ষিণ আমেরিকার তিন দেশের সরাসরি অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট না থাকলেও পরে ফিফা নিশ্চিত করে, বিশেষ আয়োজক দেশের মর্যাদায় তারাও স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। শতবর্ষ পূর্তি উপলক্ষে সেই ঐতিহাসিক আয়োজনকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। উদ্বোধনী ম্যাচগুলোর মাধ্যমে বিশ্বকাপের যাত্রা শুরু হবে দক্ষিণ আমেরিকায়, এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে।

এই আয়োজনের মধ্য দিয়ে ২০৩০ সালের বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের প্রথম আসর, যা একসঙ্গে তিনটি মহাদেশ ও ছয়টি দেশে অনুষ্ঠিত হবে। ফিফার মতে, শতবর্ষের এই বিশেষ সংস্করণ বিশ্বকাপের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি অনন্য উদ্যোগ।


Side banner
Link copied!