বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে বুরকিনা ফাসোর নির্ধারিত প্রীতি ম্যাচটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ভ্রমণ জটিলতা, দলের অভ্যন্তরীণ বিরোধ এবং কয়েকজন খেলোয়াড়ের সফরে না যাওয়ার ঘটনায় ম্যাচটি সময়মতো মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
শুক্রবার (২ অক্টোবর) রাতে বিকল্প একটি চার্টার্ড ফ্লাইটে বুরকিনা ফাসো দল বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা দেয়। এর আগে ৩০ সেপ্টেম্বর মরক্কো থেকে আর্জেন্টিনাগামী নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় কয়েক দিন সেখানে আটকে থাকতে হয় দলটিকে।
বিকল্প ফ্লাইটে দীর্ঘ সময় ভ্রমণ করে আর্জেন্টিনায় পৌঁছানোর কারণে ম্যাচের আগে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ কমে গেছে। এতে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এর সঙ্গে যোগ হয়েছে বুরকিনা ফাসো দলের অভ্যন্তরীণ সমস্যা। দলের ব্যবস্থাপনা ও আর্থিক বিষয় নিয়ে বিরোধের জেরে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যাম্প ছেড়ে দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তারা আর্জেন্টিনা সফরেও যাচ্ছেন না বলে জানা গেছে।
বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন জানিয়েছে, নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি হঠাৎ বাতিল হওয়ার পর দলের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও ফেডারেশনের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেছেন।
তবে দীর্ঘ ভ্রমণ, সময়ের সংকট এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে খেলোয়াড়দের মধ্যে ম্যাচ খেলা নিয়ে অনীহা তৈরি হয়েছে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফলে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বিপক্ষে বুরকিনা ফাসোর প্রীতি ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ম্যাচটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
আপনার মতামত লিখুন :