যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। তবে এই ঘটনায় কোনো অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। এ সময় গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। কারা এসব অস্ত্র মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :