চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা গেছেন সাখাওয়াত হোসেন (৪৯)। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়াল পাঁচে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সাখাওয়াতের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।
এর আগে একই ঘটনায় মারা যান সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন এবং ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।
চিকিৎসকরা জানান, বর্তমানে পরিবারের আরও চার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ এবং আরেক ভাই শিপন ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে গুরুতর আহতদের স্বজনরা রাজধানীতে এনে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আপনার মতামত লিখুন :