যশোরের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকার গাছে ধাক্কা দিলে মিশাল নামে এক যুবক নিহত হয়েছেন এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিশাল কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পুলিশ জানায়, পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিশালের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা তার স্ত্রী মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহত নারীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :