• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শৈলকূপায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১২:১৭ পিএম
শৈলকূপায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


Side banner
Link copied!