মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে তারা মিয়া (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে। বর্তমানে তার মরদেহ ভারতের উনকোটি জেলার ইরানি থানার মাগুরউলি এলাকায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির এই কর্মকর্তা জানান, ভোরের দিকে একদল চোরাকারবারি ভারতীয় সীমান্ত এলাকায় যাওয়ার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বিরুদ্ধে চোরাকারবারসংক্রান্ত একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তারা মিয়ার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি ভারতীয় অংশে প্রবেশ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সিগারেট, নাসির বিড়িসহ বিভিন্ন চোরাইপণ্য সংগ্রহ করা। এ সময় বিএসএফের টহল দলের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হলে গুলির ঘটনা ঘটে।
গুলিতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন বলে স্থানীয় সূত্রের দাবি। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :