কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তার মাতারবাড়ী পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারে মাতারবাড়ীর উদ্দেশে যাত্রা করেন তিনি।
মাতারবাড়ী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
পরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
দিনের পরবর্তী কর্মসূচিতে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনবিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দিনের কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
আপনার মতামত লিখুন :