• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত, সংকটের আশঙ্কা নেই—জ্বালানি বিভাগের আশ্বস্ত বার্তা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:২২ পিএম
দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত, সংকটের আশঙ্কা নেই—জ্বালানি বিভাগের আশ্বস্ত বার্তা

দেশে পেট্রল, ডিজেল, অকটেন ও জেট জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট জ্বালানি রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

তিনি বলেন, মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা দেখা যায়নি এবং এপ্রিলেও সংকটের সম্ভাবনা নেই। বিশেষ করে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পাশাপাশি জ্বালানি বিক্রির স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর প্রস্তুতি চলছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু হবে।

সরকারি অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানিও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। এ পর্যন্ত প্রায় ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

এছাড়া এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়েও কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। নির্ধারিত পরিমাণ সরবরাহ নিশ্চিত হওয়ায় জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।


Side banner
Link copied!