• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

ঢাবিতে আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:১২ পিএম
ঢাবিতে আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে রিজিওনাল ইনপুট-আউটপুট অ্যানালাইসিস বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও জাপানের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক এবং মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিটিআই) ও জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। আয়োজনে সমন্বয়ক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সিটিআই’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুও ইনাবা, অধ্যাপক তাকাহিকো হাসিমোতো, অধ্যাপক শুজি মাতসুনো, অধ্যাপক তোশিআকি ইয়ামাই, ঝু নিংশিন, ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইশিরো তাকু এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

বক্তারা আঞ্চলিক ও বৈশ্বিক ইনপুট-আউটপুট বিশ্লেষণের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে বাণিজ্য বহুমুখীকরণ, ভ্যালু-অ্যাডেড ট্রেড এবং শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করা হয়।

সেমিনার তিনটি পৃথক অধিবেশনে মোট সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক অর্থনীতি, ভ্যালু-অ্যাডেড বিশ্লেষণ এবং নীতিনির্ধারণে তথ্যভিত্তিক গবেষণার বিষয়গুলো উঠে আসে। গবেষক হিসেবে অংশ নেন রহমান মোহাম্মদ সাযেদুর, নিংশিন ঝু, অধ্যাপক শুজি মাতসুনো, মোহাম্মদ রনি এবং মো. আবদুর রহমান।


Side banner
Link copied!