• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল পুনর্বিন্যাসে আলোচনা, আসছে নতুন উদ্যোগ


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:২৪ পিএম
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল পুনর্বিন্যাসে আলোচনা, আসছে নতুন উদ্যোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিন্যাস নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই শিক্ষকদের বেতন কাঠামো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে হাম সংক্রমণ ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ থাকলেও এখন পর্যন্ত স্কুল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক স্তরে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন।

স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে হাম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে এবং টিকাদান কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।

তিনি আরও জানান, আগামী জুন-জুলাইয়ের মধ্যে শিক্ষা খাতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। সেই প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করা হচ্ছে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলসহ স্বাস্থ্যসংক্রান্ত সুবিধাগুলোও খতিয়ে দেখেন।

এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, সময়মতো অফিসে উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কারণ মন্ত্রণালয় জনগণের সেবার জন্যই কাজ করে।


Side banner
Link copied!