প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধা বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন-এ আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি এবং তাদের কর্মপরিবেশ উন্নয়নের দিকে। এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও জীবনমান আরও উন্নত হবে।
তিনি জানান, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের হাতে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ পৌঁছে দেওয়া হবে। ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি হবে, যা শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল কারিকুলাম বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে শুধু শিক্ষকদের পেশাগত সক্ষমতাই বাড়বে না, বরং অর্থনৈতিকভাবেও তারা আরও শক্ত অবস্থানে যেতে পারবেন।
কর্মশালায় শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে কর্মসংস্থানমুখী শিক্ষা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন নিয়ে আলোচনা ও সুপারিশ উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-ও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :