• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

পপসম্রাটের ৭৬তম জন্মদিন: আজম খানের স্মরণে


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০৫ পিএম
পপসম্রাটের ৭৬তম জন্মদিন: আজম খানের স্মরণে

মঞ্চে গিটার ঝংকারে যে কণ্ঠ তরুণদের বিদ্রোহ ও ভালোবাসার ভাষা হয়ে উঠেছিল, তিনি আজম খান। আজ (২৮ ফেব্রুয়ারি) বাংলা পপসংগীতের অগ্রদূতের ৭৬তম জন্মবার্ষিকী।

১৯৫০ সালের এই দিনে জন্ম নেওয়া আজম খান কেবল গায়ক নন—তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গীতিকার ও সংস্কৃতিসংগ্রামী। ষাটের দশকে গণসংগীত দিয়ে যাত্রা শুরু করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধের প্রশিক্ষণ শিবিরে সহযোদ্ধাদের অনুপ্রাণিত করতে গান গেয়েছেন, পাশাপাশি হাতে অস্ত্র তুলে নিয়েছেন দেশের স্বাধীনতার জন্য।

স্বাধীনতার পর তিনি পাশ্চাত্য পপ ধারাকে দেশীয় সুর ও কথার সঙ্গে মিশিয়ে তৈরি করেন এক নতুন সংগীতভাষা। ‘উচ্চারণ’ ব্যান্ড গড়ে তুলে বৈদ্যুতিক গিটারের ব্যবহার জনপ্রিয় করেন। তাঁর কণ্ঠে ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘আলাল ও দুলাল’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘জ্বালা জ্বালা’সহ অসংখ্য গান প্রজন্মের পর প্রজন্মে সমান জনপ্রিয়।

সরল জীবনযাপনে অভ্যস্ত এই শিল্পী ২০১১ সালের ৫ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তবে বাংলা পপসংগীতে তাঁর শুরু করা বিপ্লব এখনো অমলিন—তিনি থাকবেন তরুণ হৃদয়ের অনুপ্রেরণা হয়ে।


Side banner
Link copied!