• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক লটারিতেই কোটিপতি পাঁচ বন্ধু, জিতলেন ১০০ কোটি টাকার বেশি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:২৫ পিএম
এক লটারিতেই কোটিপতি পাঁচ বন্ধু, জিতলেন ১০০ কোটি টাকার বেশি

সংযুক্ত আরব আমিরাতে এক লটারির ড্রয়ে বিপুল অঙ্কের অর্থ জিতে রাতারাতি ভাগ্য বদলে গেছে পাঁচ বন্ধুর। তাদের মধ্যে একজন নেপালি প্রবাসী তায়েব খান, যিনি আবুধাবিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।

‘লাকি ডে’ নামের একটি জনপ্রিয় লটারির ড্রয়ে ৩ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটিরও বেশি টাকা) জিতেছেন তারা। পুরস্কারের অর্থ পাঁচ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ হওয়ায় প্রত্যেকে পাচ্ছেন ৬০ লাখ দিরহাম।

২৬ বছর বয়সী তায়েব খান জানান, ড্রয়ের ফল প্রকাশের সময় তিনি বিষয়টি জানতেন না। পরে ই-মেইলে বিজয়ের খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি।

তার ভাষায়, প্রথমে ভেবেছিলেন হয়তো আগের মতো ছোট কোনো পুরস্কারের নোটিশ এসেছে। কিন্তু পুরস্কারের পরিমাণ দেখে তিনি বিস্মিত হয়ে যান এবং বিষয়টি বাস্তব কিনা তা বুঝতে কিছুটা সময় লেগে যায়।

জানা গেছে, ২০২৪ সালের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে লটারির বিজ্ঞাপন দেখে তায়েব ও তার চার বন্ধু নিয়মিত টিকিট কেনা শুরু করেন। তারা পালাক্রমে নম্বর নির্বাচন করতেন এবং একসঙ্গে অর্থ সংগ্রহ করে টিকিট কিনতেন।

বিজয়ের খবর পেয়ে তায়েব প্রথমে নেপালে থাকা তার চাচাকে বিষয়টি জানান। তিনি বলেন, পরিবারের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। লটারির এই অর্থ সেই স্বপ্ন পূরণে বড় সুযোগ এনে দিয়েছে।

এছাড়া ভবিষ্যতে ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে নতুন জীবন শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিনের শখ পূরণে একটি মাহিন্দ্রা থার জিপ ও একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথাও উল্লেখ করেন।

তায়েব বলেন, এই জয় শুধু তার একার নয়; তার চার বন্ধুর জীবনেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাদের প্রত্যেকের পরিবার ও ব্যক্তিগত জীবনে এই অর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Side banner
Link copied!