ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে শহরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আইসিইউ থেকে প্রায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে আশপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুজাফফরপুর দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, ঘটনাস্থল থেকেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহতদের চিকিৎসা চলছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, আইসিইউ ও সিসিইউতে একাধিক রোগী ভর্তি ছিলেন। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর একদিন আগেই ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হন। ওই ঘটনায় কয়েকজন বাংলাদেশিও আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের তথ্যমতে, আহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :