• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মহাসড়কে নজরদারি বাড়াতে আসছে সিসি ক্যামেরা নেটওয়ার্ক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:৫৭ পিএম
মহাসড়কে নজরদারি বাড়াতে আসছে সিসি ক্যামেরা নেটওয়ার্ক

দেশের সড়ক নিরাপত্তা জোরদারে ধাপে ধাপে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে একই উদ্যোগ আঞ্চলিক মহাসড়কেও সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বড় কয়েকটি সড়ক দুর্ঘটনা উদ্বেগ তৈরি করেছে। দুর্ঘটনা কমাতে নজরদারি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা বাড়ানো এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, দেশের সড়ক সম্প্রসারণে বিপুল অর্থের প্রয়োজন হলেও বাজেট সীমাবদ্ধতার কারণে অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রাপ্ত অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন কার্যক্রম চালানোর ওপর জোর দেন তিনি।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সংযোগ সড়ক বেশি থাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ কঠিন হলেও ধীরে ধীরে তা সীমিত করা হবে।

ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সড়কে চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বাড়তি যানচাপের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। বিপুল সংখ্যক মানুষ ও পশুবাহী যান চলাচলের কারণে এবার সড়কে চাপ বাড়বে উল্লেখ করে, সম্ভাব্য যানজট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথা জানান মন্ত্রী।


Side banner
Link copied!