কর ফাঁকির বিরুদ্ধে অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সংস্থাটি জানিয়েছে, গত ১৭ মাসে প্রায় ৭ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটনের পাশাপাশি ইতোমধ্যে ৫৩২ কোটি টাকা আদায় করা হয়েছে।
সোমবার (৪ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে কার্যক্রম শুরুর পর চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৩০০-এর বেশি আয়কর নথি তদন্ত করা হয়েছে।
তদন্তে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ মিলেছে। এর মধ্যে চলতি অর্থবছরেই ৪১৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে বলে জানানো হয়।
আয়কর গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা জানান, তদন্তে কর ফাঁকি প্রমাণিত হওয়ার পর অনেক করদাতা স্বতঃস্ফূর্তভাবে বকেয়া কর পরিশোধ করেছেন। এর ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়ছে।
সংস্থাটি মনে করছে, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন করা গেলে ভবিষ্যতে রাজস্ব আহরণে আরও বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে।
উল্লেখ্য, কর ফাঁকি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর পরিশোধে শৃঙ্খলা আনতেই এই বিশেষ গোয়েন্দা ইউনিট গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :