• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করবে বিভিন্ন বাহিনী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১১:৫৬ এএম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করবে বিভিন্ন বাহিনী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সরকার নতুন করে ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা করছে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা নিজেদের মধ্যে সমন্বয় করে অভিযান পরিচালনা করবে। এসব কার্যক্রমে আনসার ব্যাটালিয়নও অংশ নেবে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীও পরিস্থিতি অনুযায়ী একসঙ্গে কাজ করবে।

তিনি জানান, বিভিন্ন বাহিনীর এই সমন্বয়কে নতুন কোনো বাহিনী গঠনের উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নিয়মিতভাবেই সমন্বয় থাকে। ভবিষ্যতে এ ধরনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি মনে করেন না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বে অবহেলার বিষয় নজরে এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট সদস্যদের শুধু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না; তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কোনো ঘটনায় ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আনসার সদর দপ্তরের জন্য তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়ার তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আনসারের জন্য পরিকল্পিত স্থানে সদর দপ্তর স্থাপনের যে প্রত্যাশা ছিল, জমি বরাদ্দের মাধ্যমে তা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।


Side banner
Link copied!