• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

শাপলা ঘটনার জবাবদিহিতা নিশ্চিত হলে পরবর্তী সহিংসতা ঠেকানো যেত: নাহিদ ইসলাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৫৫ পিএম
শাপলা ঘটনার জবাবদিহিতা নিশ্চিত হলে পরবর্তী সহিংসতা ঠেকানো যেত: নাহিদ ইসলাম

শাপলা চত্বরের ঘটনার পর দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তী সময়ে বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ এনসিপি সমর্থিত ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে শাপলা চত্বরের ঘটনা একটি গভীর ক্ষত তৈরি করেছে। সেই সময় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তী সময়ে সহিংসতার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ কমে যেত।

তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক সংকটে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সিদ্ধান্ত এবং দায়িত্বশীলতা নিয়ে নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

গণমাধ্যমের ভূমিকাও উল্লেখ করে তিনি বলেন, বড় রাজনৈতিক ঘটনার সময় তথ্য উপস্থাপনে দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদ্রাসা শিক্ষার্থীদের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাধারণীকরণ বা নেতিবাচক ধারণা তৈরি না করে তাদের অবদান ও বাস্তব অবস্থান বিবেচনায় দেখা উচিত।

এ সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়েও সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


Side banner
Link copied!