জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির গণতান্ত্রিক অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাদের নেতৃত্বকেই আত্মসমালোচনা ও মূল্যায়ন করতে হবে।
সোমবার (২৭ জুলাই) রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থি রাজনৈতিক দল। তাঁর ভাষ্য, জামায়াতের আমিরের উচিত নিজ দলের গঠনতন্ত্র পর্যালোচনা করা এবং দলটির গণতান্ত্রিক অবস্থান সম্পর্কে নিজস্ব মূল্যায়ন করা। তিনি দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তাই বিএনপিকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করার সঙ্গে তিনি একমত নন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা রয়েছে। নির্ধারিত সময়ে তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে প্রয়োজন হলে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আলোচনা করে মতামত দেওয়া হবে।
সরকারের কৃষি খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, কৃষকদের জন্য কৃষিঋণের সুদ মওকুফসহ কৃষিকে আরও লাভজনক করতে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে রংপুর সফরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি ও বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ, গাছের চারা এবং কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :