রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এর শিক্ষার্থী ছিলেন।
ভাটারা থানা পুলিশ জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সি-ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ সময় দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের কক্ষে থাকা শিক্ষার্থীরা সন্দেহ করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল ওয়াদুদ সহপাঠীদের বরাত দিয়ে জানান, মাহমুদা কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবা খোরশেদ আলী।
আপনার মতামত লিখুন :