• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মতলব দক্ষিণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:২৯ পিএম
মতলব দক্ষিণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে এলাকায় নানা জল্পনা–কল্পনা তৈরি হয়েছে। নিহত গৃহবধূ নুপুর (১৯)কে স্বামী রিয়াদ নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

ঘটনাটি উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তেলী মাছুয়াখাল গ্রামের মুন্সি বাড়িতে ঘটেছে। অভিযুক্ত রিয়াদ একই গ্রামের বিল্লাল খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী–স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ তার স্ত্রী নুপুরকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বসতঘরের পাশে ফেলে রাখা হয়। এতে নুপুর গুরুতর আহত হন।

পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে তখনই নুপুর মারা গেছেন বলে জানা যায়।

নিহতের বাবার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই রিয়াদ বিভিন্ন অজুহাতে নুপুরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের বাবা মোশারফ হোসেন বকাউল বলেন, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঠিক তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


Side banner
Link copied!