• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নদীর তীরে মাথাবিহীন মরদেহ উদ্ধার, ঘটনায় দুইজন গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:৩৮ পিএম
নদীর তীরে মাথাবিহীন মরদেহ উদ্ধার, ঘটনায় দুইজন গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

শনিবার (১৪ মার্চ) পৃথক অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তি—মো. সম্রাট ও মো. রাজুকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে শনিবার দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার এক ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত গোপাল চন্দ্র দাস (৪৫) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সম্রাট ও রাজুকে শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। হত্যার পেছনের কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রধান দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত বিষয়ে পরে সংবাদ ব্রিফিংয়ে জানানো হবে।


Side banner
Link copied!