রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুরের আরসিং গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্কে অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বুকের বাম পাশে লাগে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তার স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :