• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: জানালেন স্বাস্থ্যমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:২৩ পিএম
৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত ১৮ জেলার ৩০টি উপজেলায় ইতোমধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় এই কার্যক্রম চালু হবে। পরবর্তীতে ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান শুরু হবে।

তিনি বলেন, হাম রোগের ঝুঁকি কোনোভাবেই অবহেলার নয় এবং এর প্রভাব করোনাভাইরাসের চেয়ে কম নয়। তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই—সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

অন্যদিকে, গাজীপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, টিকাদান কর্মসূচিতে কোনো ঘাটতি রাখা হবে না। সরকারের দ্রুত পদক্ষেপের ফলে এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, যত বেশি শিশুকে টিকার আওতায় আনা যাবে, ততই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। এজন্য অভিভাবক ও স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং আশ্বাস দেন—কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।


Side banner
Link copied!