দেশে হামের প্রকোপ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৫২ দিনে দেশে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে। এর মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনই শিশু। এ সময় দেশের আট বিভাগে আরও ১ হাজার ৫৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। এরপর রয়েছে ঢাকা বিভাগ।
তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৮৫৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪৪ হাজার ২৬০ জন।
আপনার মতামত লিখুন :