• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আমিরাতে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহত দাবি


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:১৫ পিএম
আমিরাতে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহত দাবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানাকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।

রোববার (৫ এপ্রিল) দেশটির কর্মকর্তারা জানান, হামলায় সরাসরি স্থাপনায় আঘাত না লাগলেও প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার কয়েকটি স্থানে আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সময় ভোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করে বলে জানানো হয়। এরপরই আগুনের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে আমিরাতের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এর আগে ইরানের খুজেস্তান প্রদেশে কয়েকটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়। এতে একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!