নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচেই গোল করলেন লিওনেল মেসি, তবে জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি। অস্টিন এফসির বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামি এতদিন চেজ স্টেডিয়ামে খেললেও, এবার ২৬ হাজার ৭০০ আসনবিশিষ্ট নতুন ‘নু স্টেডিয়াম’-এ হোম ম্যাচ শুরু করেছে। রোববার (৪ এপ্রিল) এই মাঠেই অস্টিন এফসির বিপক্ষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্টেডিয়ামটি মেসির জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। এর নির্দিষ্ট কিছু অংশ ‘মেসি স্ট্যান্ড’ নামে নামকরণ করা হয়েছে, যা সমর্থকদের মাঝে আলাদা উন্মাদনা তৈরি করেছে।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে অস্টিনকে এগিয়ে দেন গুইলারমো বিরো। তবে দ্রুতই জবাব দেন মেসি। ডান দিক থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান তিনি।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় অস্টিন। পাল্টা আক্রমণে জেডেন নেলসন গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ম্যাচের শেষদিকে লুইস সুয়ারেজ গোল করে আবারও সমতা ফেরান।
শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ম্যাচটি ড্রতেই শেষ হয়। অবশ্য সুযোগ পেয়েও গোল করতে না পারায় জয় হাতছাড়া হয়েছে মায়ামির।
আপনার মতামত লিখুন :