• ঢাকা
  • শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

জনপ্রিয়তা নয়, ন্যায়ভিত্তিক রায় দিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৯, ২০২৬, ১১:৫৩ এএম
জনপ্রিয়তা নয়, ন্যায়ভিত্তিক রায় দিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একজন বিচারককে সবসময় স্বাধীন চিন্তা ও নিরপেক্ষ মানসিকতা নিয়ে বিচারিক দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচারকদের দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করে জনগণের আস্থা অর্জন করা। জনপ্রিয় হওয়ার চেষ্টার পরিবর্তে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই একজন বিচারকের সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, বিচার বিভাগ নিয়ে যদি কোনো কর্মকর্তা বা বিচারকের যৌক্তিক মতামত কিংবা দাবি থাকে, তাহলে তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশের বিচারব্যবস্থা এমন একটি জায়গায় পৌঁছাতে হবে, যেখানে সাধারণ মানুষ পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন।

অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


Side banner
Link copied!