• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঘোষণা হলেও পুরস্কার পেলেন না মোহন রায়হান


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:২৯ পিএম
ঘোষণা হলেও পুরস্কার পেলেন না মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫-এর জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত পুরস্কার গ্রহণ করতে পারেননি কবি মোহন রায়হান। বিষয়টি তিনি নিজেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন।

অমর একুশে বইমেলা–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী কবিতা বিভাগে মনোনীত হওয়ায় মোহন রায়হান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার পুরস্কার স্থগিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, পুরস্কার পাওয়ার বিষয়ে তিনি কোনো ধরনের তদবির করেননি; নির্বাচন কমিটিই তাকে মনোনীত করেছিল। আগের দিন পুরস্কারপ্রাপ্তদের নিয়ে মহড়া সম্পন্ন হলেও অনুষ্ঠানের দিন জানানো হয়, বহু বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার একটি কবিতা নিয়ে আপত্তির কারণে পুরস্কার বাতিল করা হয়েছে—এমনটাই দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানান, মোহন রায়হানের লেখা নিয়ে কিছু অভিযোগ ওঠায় বিষয়টি যাচাই-বাছাইয়ের স্বার্থে আপাতত পুরস্কার স্থগিত রাখা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের সাহিত্য পুরস্কারের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করা হয়। কবিতা বিভাগে মোহন রায়হানের পাশাপাশি কথাসাহিত্য, প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন শাখায় আরও আটজনকে মনোনীত করা হয়।


Side banner
Link copied!